খুলনা: উৎসবমুখর পরিবেশে খুলনায় শুরু হয়েছে প্রধানমন্ত্রীর ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম। আজ মঙ্গলবার সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
খুলনা মহানগরীর খালিশপুরস্থ হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয়ভাবে এই কার্যক্রমের সূচনা করা হয়। উদ্বোধনী দিনে মহানগরীর ১০ নম্বর ওয়ার্ডের ৫০টি পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে কার্ড তুলে দেওয়া হয়। আজ সব মিলিয়ে ১ হাজার সুবিধাভোগী এই কার্ডের আওতায় প্রয়োজনীয় সুবিধা পাবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এছাড়াও জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
খুলনা সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে, পাইলট কর্মসূচির আওতায় সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডে নিবিড় জরিপ চালিয়ে ৮ হাজার ৭ জন সুবিধাভোগীর একটি তালিকা চূড়ান্ত করা হয়। এর মধ্যে প্রথম ধাপে ৪ হাজার ১৫৮টি কার্ড খুলনায় এসে পৌঁছেছে। আজ উদ্বোধনী ১ হাজার কার্ড বিতরণ সম্পন্ন হলে বাকি কার্ডগুলো পর্যায়ক্রমে নির্ধারিত বুথের মাধ্যমে বিতরণ করা হবে।
খুলনার জেলা প্রশাসক আ.স.ম জামশেদ খোন্দকার বলেন, “স্বচ্ছতা ও পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে প্রকৃত সুবিধাভোগীদের হাতেই এই কার্ড পৌঁছে দেওয়া হচ্ছে। বাকি কার্ডগুলোও দ্রুততম সময়ের মধ্যে বিতরণের যাবতীয় প্রস্তুতি আমাদের সম্পন্ন রয়েছে।”