বান্দরবানের আলীকদমে মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর উদ্যোগে অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা এবং অসচ্ছল শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ বাবদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
সোমবার (১০ মার্চ ২০২৬) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সদর দপ্তরে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মেহেদীর নেতৃত্বে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় আলীকদম উপজেলার আলীকদম সদর, চৈক্ষ্যং ও কুরুকপাতা ইউনিয়নে বসবাসরত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গুরুতর অসুস্থ মোট ১৩ জন ব্যক্তিকে চিকিৎসা সহায়তার জন্য আর্থিক অনুদান দেওয়া হয়েছে। পাশাপাশি দরিদ্র পরিবারের ৪ জন মেধাবী শিক্ষার্থীর লেখাপড়ার খরচ নির্বাহের জন্যও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষার পাশাপাশি দীর্ঘদিন ধরে দুর্গম পার্বত্য অঞ্চলে বসবাসরত স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধের পাশাপাশি বিজিবি স্থানীয় জনগণের চিকিৎসা সহায়তা, খাদ্য ও বস্ত্র বিতরণ, শীতবস্ত্র প্রদান, প্রাকৃতিক দুর্যোগে সহায়তা এবং আর্থ-সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
অনুষ্ঠানে আলীকদম ব্যাটালিয়নের বিভিন্ন পদবীর বিজিবি সদস্যরাও উপস্থিত ছিলেন। ভবিষ্যতেও দুর্গম পার্বত্য সীমান্তবর্তী এলাকার দরিদ্র ও অসহায় জনগণের পাশে থেকে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন বিজিবির কর্মকর্তারা।