বাসিত চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
দেশের বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশিত হয়েছে। একইসঙ্গে শূন্য আসনগুলোতে অপেক্ষমাণ তালিকা থেকে নতুন করে আরও ৬১০ জন শিক্ষার্থীকে ভর্তির জন্য মনোনীত করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
মঙ্গলবার (১৭ মার্চ) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১০ মার্চ প্রকাশিত প্রাথমিক তালিকার নির্বাচিতদের মধ্যে ৬১০ জন শিক্ষার্থী নির্ধারিত সময়সীমার মধ্যে ভর্তি নিশ্চিত না করায় আসনগুলো শূন্য হয়। সেসব আসনে মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে স্বয়ংক্রিয় মাইগ্রেশন সম্পন্ন করে অপেক্ষমাণ তালিকা থেকে নতুন প্রার্থীদের নির্বাচন করা হয়েছে।
অপেক্ষমাণ তালিকা থেকে দ্বিতীয় পর্যায়ে সুযোগ পাওয়া এই শিক্ষার্থীদের আগামী ১৮ মার্চ থেকে ২০ মার্চের মধ্যে টেলিটক প্রি-পেইড মোবাইলের মাধ্যমে ভর্তি নিশ্চিত (নিশ্চায়ন) করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন করতে ব্যর্থ হলে বরাদ্দকৃত আসনটি সরাসরি বাতিল বলে গণ্য হবে এবং ওই শিক্ষার্থী পরবর্তী কোনো ধাপে ভর্তির জন্য আর বিবেচিত হবেন না। তবে যারা ইতিপূর্বে প্রথম তালিকায় সুযোগ পেয়ে নিশ্চায়ন করেছিলেন, তাদের নতুন করে আর নিশ্চায়নের প্রয়োজন নেই।
নিশ্চায়ন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রার্থীদের টেলিটক মোবাইলের মেসেজ অপশনে গিয়ে MBBSBDSNG <space> User ID লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএস-এ প্রাপ্ত পিন নম্বর দিয়ে পুনরায় MBBSBDSNG <space> YES <space> PIN লিখে পাঠিয়ে সম্মতি জানাতে হবে। এতে ১০০ টাকা ফি কেটে নিয়ে নিশ্চায়ন সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে।
মাইগ্রেশনের ফলাফল ও বিস্তারিত তালিকা দেখতে নিচের লিংকে ক্লিক করুন:
https://drive.google.com/file/d/1r36rpli6hFLjC1ISGPEvJp-sjXVOlTlx/view?usp=drivesdk