ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রবীর চৌধুরী রিপন, এটিভি সংবাদ //
অন্যের চোখে মোবাইল ফোনের আলো পড়া নিয়ে দ্বন্দ্বে মো. মুসাব্বির প্রকাশ বাবলু নামে এক যুবক খুন হয়েছে।এ ঘটনায় মুসাব্বিরের আরও দুই বন্ধু মাসাকিন ও সুজন মিয়া গুরুতর আহত হয়েছে।
শনিবার (২১ মার্চ) রাতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের বড়নগর গ্রামের গোজিয়াখাই এলাকায় এ ঘটনা ঘটে। রোববার (২২ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। নিহত মুসাব্বির বড়নগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
নিহতের পারিবারিক সূত্র ও আহতরা জানান, শনিবার মুসাব্বির তার বন্ধুদের নিয়ে ঘোরাফেরা করছিলেন। সন্ধ্যায় বড়নগর গোজিয়াখাই এলাকা অতিক্রম করার সময় অন্ধকার পথ চলতে গিয়ে মোবাইল ফোনের ফ্লাশলাইট জ্বালায় মুসাব্বির।
এ সময় সড়কের পাশে বসে আড্ডারত বড়নগর গ্রামের তাকবির, তানভীরসহ তাদের বন্ধুদের চোখে লাইটের আলো পড়ে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি হলে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন। পরে রাতে মুসাব্বির ফের কয়েকজন বন্ধু নিয়ে গোজিয়াখাই এলাকার একটি দোকানে যায়। সেখানে পূর্ব পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় তিনজন আহত হন।
বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন মুসাব্বিরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়া আহত মাসাকিন ও সুজন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ লাল ঘোষ জানান, কীভাবে কী ঘটেছে সেটি জানার চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।