পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটিতে পর্যটন নগরী নেত্রকোণার দুর্গাপুরে নেমেছে পর্যটকদের উপচে পড়া ভিড়। ঈদের আনন্দ ভাগাভাগি করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ ছুটে আসছেন এখানকার চিরচেনা নৈসর্গিক রূপ উপভোগ করতে।
ঈদের দিন বিকেল থেকেই দুর্গাপুরের পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের আনাগোনা বাড়তে শুরু করেছে। বিশেষ করে সীমান্ত ঘেঁষা বিজয়পুর চীনামাটির পাহাড় ও নীল জলাশয় এলাকায় এখন তিল ধারণের ঠাঁই নেই। পাহাড়ের গায়ে স্বচ্ছ নীল জল আর আকাশের মিতালি পর্যটকদের বিমোহিত করছে। কেউ নীল জলে গা ভাসাচ্ছেন, আবার কেউ ব্যস্ত প্রিয়জনের সাথে স্মৃতি বন্দী হতে।
বিজয়পুরের পাশাপাশি পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে আরও বেশ কিছু স্থান সোমেশ্বরী নদীতে ছোট ছোট নৌকায় চড়ে নদীর স্নিগ্ধতা উপভোগ করছেন দর্শনার্থীরা।
বিরিশিরি কালচারাল একাডেমি নৃ-গোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্য জানতে এখানে ভিড় করছেন অনেকে।
রানীখং গির্জা পাহাড়ের চূড়ায় অবস্থিত এই ঐতিহাসিক গির্জা থেকে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকরা।
শহুরে জীবনের একঘেয়েমি কাটাতে আসা পর্যটকদের উপস্থিতিতে দুর্গাপুর এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা আশা করছেন, আগামী আরও কয়েকদিন পর্যটকদের এই প্রাণের স্পন্দন বজায় থাকবে।