পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটিতে ক্যাম্পাস জনশূন্য থাকার সুযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলে বেড়েছে চোরচক্রের উপদ্রব। গত এক মাসে হলে তিন দফা চুরির ঘটনা ঘটেছে। সর্বশেষ গত ২২ মার্চ গভীর রাতে হলের পেছনের অংশের বৈদ্যুতিক তার কেটে নিয়ে গেছে চোরেরা, যার ফলে দীর্ঘ প্রায় ১৪ ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় কাটাতে হয়েছে শিক্ষার্থীদের।
শিক্ষার্থীরা জানান, ঈদের পরদিন রাতে ঝড়-বৃষ্টির মধ্যে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে তারা একে স্বাভাবিক বিভ্রাট মনে করেছিলেন। কিন্তু পরদিন সকালে নিরাপত্তাকর্মীরা দেখতে পান, হলের পেছনের মূল লাইনের তিনটি তারের মধ্যে দুটি কেটে নিয়ে যাওয়া হয়েছে এবং একটি তার কাটা অবস্থায় মাটিতে পড়ে আছে। দ্রুত পালিয়ে যাওয়ার সময় চোরচক্রের একজনের জুতাও ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা গেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মেহেদি হাসান বলেন, এক মাসে এটি তৃতীয় চুরির ঘটনা, যা আমাদের মধ্যে চরম উদ্বেগ ও শঙ্কা তৈরি করেছে।
হলের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে আলাওল হল সংসদের সহ-সভাপতি (ভিপি) মোহাম্মদ রাকিবুল বশর জানান, হলের চারপাশে কোনো সীমানা প্রাচীর নেই। পেছনের অংশ পাহাড় ও ঘন জঙ্গলে ঘেরা হওয়ায় বহিরাগতরা সহজেই ভেতরে ঢুকে পড়ছে। প্রশাসনকে বিষয়টি জানানো হলে তারা দ্রুত সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস দিয়েছেন।
সার্বিক বিষয়ে আবাসিক শিক্ষক ড. মুহাম্মদ মোজাম্মেল হক চুরির সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার দিনই বিদ্যুৎ লাইন মেরামত করা হয়েছে। তিনি আরও বলেন, এর আগেও দুইবার এখানে চুরির ঘটনা ঘটেছে। আমরা খুব দ্রুত সিসিটিভি ক্যামেরা স্থাপন ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার পরিকল্পনা করছি। আলাওল ও এএফ রহমান হলের ভৌগোলিক অবস্থানের কারণে সীমানা প্রাচীর নির্মাণ কিছুটা কঠিন হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে তা সম্ভব হতে পারে। তবে ঘটনার বিষয়ে হল প্রভোস্ট প্রফেসর ড. মুহাম্মদ এনামুল হকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।