যশোরের চৌগাছায় একটি পুকুর খননের সময় পরিত্যক্ত অবস্থায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের একটি মর্টারশেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) গভীর রাতে উপজেলার পাশাপোল ইউনিয়নের বুড়িন্দিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে গ্রামের খলেক মাস্টারের ছেলে শরিফ উদ্দিনের (৩৩) পুকুর খননের কাজ চলছিল। মাটি খুঁড়তে গিয়ে শ্রমিক ও স্থানীয় লোকজন ৭১ সালের যুদ্ধের সময়কার একটি মর্টারশেল সদৃশ বস্তু দেখতে পান। বিষয়টি টের পেয়ে পাশের চা দোকানি মাজেদুল ইসলাম তাৎক্ষণিকভাবে নিকটস্থ দশপাখিয়া পুলিশ ফাঁড়িকে খবর দেন।
খবর পেয়ে দশপাখিয়া ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) আমিরুল ইসলাম বিষয়টি চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব রেজাউল করিমকে অবহিত করেন। পরে ওসির নেতৃত্বে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মর্টারশেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং জব্দ তালিকার অন্তর্ভুক্ত করে।
ধারণা করা হচ্ছে, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় এই মর্টারশেলটি ব্যবহার করা হয়েছিল যা এতদিন মাটির নিচে চাপা পড়ে ছিল। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মর্টারশেলটি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় এটি নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হবে