বান্দরবানের আলীকদম উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানের বার্তা দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) সকাল ১১টা থেকে ১২টা ২০ মিনিট পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলমের সভাপতিত্বে আয়োজিত এ সভায় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় মেজর আবুল হোসেন পলাশ (৩১ বীর, আলীকদম সেনানিবাস), ওসি আলমগীর হোসেন শাহ, মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, বিজিবি, ফায়ার সার্ভিস, আনসার ও এনজিও প্রতিনিধিসহ প্রায় ৭০-৮০ জন অংশগ্রহণ করেন।
সভায় আলীকদম উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জোরালো আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য—জ্বালানি তেলের মজুদ ও চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি, কিশোরদের বেপরোয়া টমটম চালানো বন্ধে ব্যবস্থা, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা ও আইন প্রয়োগ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অভিযান জোরদার, অবৈধ বালু উত্তোলন বন্ধ, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সতর্কতা বৃদ্ধি এবং বাজার নিয়ন্ত্রণে কঠোর মনিটরিং।
এছাড়া পহেলা নববর্ষসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব নির্বিঘ্নে উদযাপনে প্রয়োজনীয় নিরাপত্তা জোরদারের বিষয়েও আলোচনা হয়। শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম ও দুর্নীতি বন্ধে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।
সভায় বক্তারা আলীকদম উপজেলার উন্নয়ন অগ্রগতি ত্বরান্বিত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে পর্যটন খাতকে এগিয়ে নেওয়া এবং আলীকদম বাজার ব্যবস্থাপনা আধুনিকায়নের বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও মনজুর আলম বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোনো ধরনের অনিয়ম বা অপরাধকে ছাড় দেওয়া হবে না। সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”