শরীয়তপুর যুব ফোরাম ঢাকার ঈদ পুনর্মিলনী ও ফোরামের কমিটি গঠন অনুষ্ঠান গতকাল ঢাকায় শামসুল হক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে ঢাকায় অবস্থানরত শরীয়তপুরের বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়।
ফোরামের নবগঠিত কমিটির আহবায়ক হিসেবে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে মনোনীত করা হয় তরুণ ইসলামি চিন্তক, লেখক, সংগঠক ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাহমুদুল হাসান হাশেমী। সদস্য সচিব হিসেবে মনোনীত হোন তরুণ ইসলামি চিন্তক ও সংগঠক হাফেজ বিল্লাল হোসেন। এবং সদস্য (সংগঠন পরিচালনা) -র দায়িত্ব দেয়া হয় মোঃ কামাল হোসেনকে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফোরামের নবগঠিত কমিটির আহবায়ক মাহমুদুল হাসান হাশেমী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইটেক্স গ্রুপের চেয়ারম্যান ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এর মুসল্লি কমিটির এ্যাসিসট্যান্ট সেক্রেটারি এনামুল হক সাদী, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও সংগঠক জনাব আসাদুজ্জামান রাসেল, জনাব আমিনুল ইসলাম সোহেল, সাবেক ছাত্রনেতৃবৃন্দ, শরীয়তপুর জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও উপজেলার প্রতিনিধিবৃন্দ।
অতিথির বক্তব্যে এনামুল হক সাদী বলেন, নিঃসন্দেহে এটি একটি মহতী উদ্যোগ। আজকে এমন একটি সুন্দর আয়োজনে আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আমি আশা করছি এই উদ্যোগের মাধ্যমে ঢাকায় অবস্থানরত শরিয়তপুরের যুবক ভাইয়েরা এক ছাতার নিচে আসার সুযোগ পাবে এবং ঐক্যবদ্ধভাবে শরিয়তপুরের উন্নয়নের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। বিপদে -আপদে একে অপরের পাশে দাঁড়াবে। এই প্লাটফর্ম থেকে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে যা শরিয়পুরকে ইতিবাচক পরিবর্তনে বিশেষ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মিডিয়া ব্যক্তিত্ব আসাদুজ্জামান রাসেল। তিনি তার বক্তৃতায় বলেন, একটু দেরিতে হলেও যেহেতু এমন একটি সুন্দর উদ্যোগের যাত্রা শুরু হয়েছে আমি আশা করছি এই সংগঠন একদিন বাংলাদেশের একটি উল্লেখযোগ্য সংগঠনে পরিণত হবে এবং তারা সমাজ ও দেশ গঠনে নেতৃত্বের ভূমিকা রাখবে। সার্বিক সহযোগিতা দিয়ে তিনি নতুন ধারার এই প্লাটফর্মকে সামনে এগিয়ে নিতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দের কাছে উদাত্ত আহ্বান জানান।
সমাপনী বক্তব্যে মাহমুদুল হাসান হাশেমী বলেন, আপনাদের সার্বিক সহযোগিতা পেলে আমরা সম্মিলিতভাবে এই সংগঠনকে একটা অভীষ্ট লক্ষ্যে নিয়ে যেতে পারবো। এখানে দলমত নির্বিশেষে নিজেদের বোধ থেকে শরীয়তপুর পুনর্গঠনে আমরা কাজ করে যাবো। যে কোনো মূল্যে সংগঠনকে তার আপন লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মো: শরীফ হোসেন ও তাহমিদ জামান এর সঞ্চালনায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে বিকেল পাঁচটায় প্রোগ্রাম শুরু হয় এবং রাত সাড়ে আটটায় এক আনন্দঘন পরিবেশে ডিনারের মাধ্যমে শেষ হয়। অনুষ্ঠানে এ্যাডভোকেট, ইঞ্জিনিয়ার, মিডিয়া ব্যক্তিত্ব, শিক্ষক, আলেম ও ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটিতে প্রচুরসংখ্যক লোকসমাগম হয় এবং হল রুম কানায় কানায় ভরে যায়। এমন একটি চমৎকার প্রোগ্রামে উপস্থিত হতে পেরে সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন।