মৌলভীবাজারে অনুষ্ঠিত হলো জেলা জামায়াতের রুকন সম্মেলন-২০২৬। শনিবার ১৮ এপ্রিল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এই সম্মেলনে জেলার প্রায় পাঁচ শতাধিক রুকন অংশ নেন। দিনব্যাপী এই আয়োজনে সংগঠনের আদর্শ, দায়িত্বানুভূতি ও কর্তব্যনিষ্ঠা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি রুকনদের উদ্দেশে বলেন, আমাদের সকল কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করতে হবে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় রুকনদের দৃঢ়, শক্ত ও ন্যায়পরায়ণ হতে হবে। দুনিয়াবি চাওয়া-পাওয়া, আশা-আকাঙ্ক্ষা, পদ-পদবির জন্য নয়, দায়িত্বটা আমার শপথের সাথে জড়িত অঙ্গীকার এবং তা কেবল আল্লাহকে খুশি করার জন্যই পালন করতে হবে।
তিনি আরও বলেন, আমার ভালো কাজের জন্য কে স্বীকৃতি দিলো বা না দিলো তা ভাববার সময় নেই। আমাদের কাজ করে যাওয়াই মূল কাজ। সব সময় আত্মসমালোচনা করে নিজেকে তৈরি করতে হবে। সমাজ ও দেশের কল্যাণে আত্মনিবেদিত হয়ে কাজ করতে হবে এবং নৈতিকতা ও আদর্শিক দৃঢ়তা বজায় রাখতে হবে।
জেলা আমীর ইঞ্জিনিয়ার এম সায়েদ আলীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি ইয়ামীর আলীর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান ও জেলা সহকারী সেক্রেটারি আজিজ আহমদ কিবরিয়া। দারসুল কুরআন পেশ করেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম।
সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে রিপোর্টিং সেশনে বিভিন্ন দিকনির্দেশনামূলক নির্দেশনা দেওয়া হয়। পুরো সম্মেলনটি শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠান শেষ করা হয়।