সৈকত মনি, এটিভি সংবাদ //
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে এসির গ্যাস লিকেজ থেকে এক ওয়ার্ডে ৬ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) রাতে এ ঘটনা ঘটে।

বুধবার (২৭ মে) সকালে আদ-দ্বীন হাসপাতালের পরিচালক (প্রশাসন) তারিকুল ইসলাম মুকুল এটিভি সংবাদকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
এর আগে, ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, আমরা খবর পেয়েছি, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে শিশুদের মৃত্যু আসলে কী কারণ, তা আমরা এখনও জানি না। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তদন্তের পর আসল তথ্য বলা যাবে।
প্রাথমিকভাবে জানা গেছে, হাসপাতালের ওয়ার্ডে এসির হঠাৎ ত্রুটি দেখা দেয়। এরপর সেখান থেকে গ্যাস লিকেজের ঘটনা ঘটে। ওই ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুদের অবস্থার তাৎক্ষণিক অবনতি ঘটলে ছয় শিশুর মৃত্যু হয়।
বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন, এটিভি সংবাদের সম্পাদক এস এম জামান। তিনি বলেন, উল্লেখিত বিষয়টি নিয়ে অবহেলা করার কোন সুযোগ নেই। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দায় এড়াতে পারেন না। ঘটনাটি ধামাচাপা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ অবৈধ পন্থায় সমাধান দেওয়ার চেষ্টা করবে, তাতে করে গোটা বিষয়টি হবে প্রশ্নবিদ্ধ এমন মন্তব্য এটিভি সম্পাদকের!