বিশেষ প্রতিবেদক। এটিভি সংবাদ //
এক দিনের সফরে আজ শনিবার কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সকালে যাবেন রাতে ঢাকায় ফিরবেন। দিনব্যাপী এ সফরে ‘পাতলীখাল’ পুনঃখনন কাজ ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, বৃক্ষরোপণ, রাজনৈতিক জনসভা ও সুধী সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তারেক রহমনের প্রথম কক্সবাজার সফর। দীর্ঘদিন পর তার এই সফর ঘিরে চকরিয়া-পেকুয়া ও কক্সবাজার জুড়ে দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা ‘পাতলীখাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেবেন। এরপর দুপুর ১২টায় চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে ‘আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির’ আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সেখান থেকে তিনি চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনে কক্সবাজারের প্রথম শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত এবং শহীদ পরিবার সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
পরবর্তীতে নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পেকুয়ার বাড়িতে বিশ্রাম ও মধ্যাহ্নভোজ শেষে বিকাল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত বিএনপির রাজনৈতিক জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
জনসভা শেষে মেরিন ড্রাইভ ও সমুদ্রসৈকত পরিদর্শন করে লংবিচ হোটেল অডিটরিয়ামে সুধী সমাবেশে অংশ নেবেন। পরে রাতে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন সরকারপ্রধান।