পিরোজপুরের নাজিরপুর উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর (খেজুরতলা) এলাকায় নবনির্মিত ‘রঘুনাথপুর বৃদ্ধাশ্রম’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
সেখমাটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম সাফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আবু হাসান, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ফরাজী এবং জেলা বিএনপির সাবেক সদস্য সরদার কামরুজ্জামান চানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, সমাজের অবহেলিত, অসহায় ও বয়োবৃদ্ধ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। রঘুনাথপুর বৃদ্ধাশ্রমের মতো মানবিক উদ্যোগ প্রবীণদের নিরাপদ আশ্রয় ও সম্মানজনক জীবন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করবে। জেলা পরিষদের পক্ষ থেকে এ প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।