মোঃ সোহানুর রহমান নওগাঁ (মান্দা) প্রতিনিধি//
নওগাঁ জেলা পুলিশের মাদক ও অপরাধবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে অনলাইন জুয়া খেলার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র (বড় ছোড়া), দুটি মোবাইল ফোন এবং নগদ অর্থ জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৮ জুন ২০২৬ তারিখে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল নওগাঁ সদর থানার খলিশাকুড়ি গ্রামের একটি সুপারি বাগানে অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সেখানে কয়েকজন ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন জুয়া খেলছিলেন।
অভিযানকালে ঘটনাস্থল থেকে ইমাম হাসান বুলেট (পিতা: খলিলুর রহমান, গ্রাম: জগতসিংহপুর, নওগাঁ) এবং আশিকুর রহমান সানি (৩৯) (পিতা: মোন্তাসের আলী, গ্রাম: হাস্তা বাসন্তপুর, আক্কেলপুর, জয়পুরহাট) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।
তল্লাশির সময় ইমাম হাসান বুলেটের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক অনলাইন জুয়ার অ্যাপসের উপস্থিতি পাওয়া যায়। প্রাথমিক তদন্তে তার মোবাইল থেকে গত এক মাসে প্রায় ৭৩ হাজার ৮৩৭ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র (বড় ছোড়া) উদ্ধার করা হয়।
অপরদিকে, আশিকুর রহমান সানির মোবাইল ফোনে অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিকাশ ও নগদ লেনদেনের তথ্য পাওয়া যায়। অভিযানের সময় ইমাম হাসান বুলেটের কাছ থেকে ১ হাজার ৫৪০ টাকা এবং আশিকুর রহমান সানির কাছ থেকে ১ হাজার ১৪০ টাকা জব্দ করা হয়। পাশাপাশি দুটি মোবাইল ফোন ও উদ্ধারকৃত অস্ত্র জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া ইমাম হাসান বুলেটের বিরুদ্ধে পূর্বে মাদক, জুয়া, চুরি ও ডাকাতির প্রস্তুতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।