আহসান হাবীব। এটিভি সংবাদ //
নতুন ওয়েবসাইট চালুর আগে সাইটটির নিরাপত্তা ও সক্ষমতা যাচাইয়ে বিশেষজ্ঞদের নিয়ে আগামীকাল সোমবার (২৯ জুন) বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (২৮ জুন) ইসির সহকারী প্রোগ্রামার (উপাত্ত ও প্রশাসন) এস এম সাদমান সাকিব স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে বিষয়টি জানা যায়।
এতে বলা হয়েছে, পরীক্ষাধীন ওয়েবসাইটটির রিডিজাইন, হালনাগাদ ও ডেভেলপমেন্ট সংক্রান্ত কার্যক্রম এর অংশ হিসেবে ওয়েবসাইটের ফাংশনাল, সিকিউরিটি ও লোড টেস্টিং সম্পন্ন করার নিমিত্ত নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনুবিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, উপরিউক্ত টেস্টসমূহ পরিচালনাকারী প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর প্রতিনিধিবৃন্দ এবং ওয়েবসাইট ডেভেলপার প্রতিষ্ঠান Riseup Labs এর প্রতিনিধিগণের মধ্যে সিস্টেম ম্যানেজার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনুবিভাগ মহোদয়ের সভাপতিত্বে আগামীকাল সোমবার (২৯ জুন) দুপুরে আড়াইটায় নির্বাচন ভবনের ৫২০নং কক্ষে একটি সভা অনুষ্ঠিত হবে।
ইসি কর্মকর্তারা জানান, আমরা আমাদের ওয়েবসাইটটি আরও আধুনিকায়ন করার পরিকল্পনা নিয়েছি। তারই অংশ হিসাবে এ বৈঠক। এর মধ্য দিয়ে ওয়েবসাইটটি চালু করার আগে এর সক্ষমতা ও নিরাপত্তা যাচাই করে নিচ্ছি।