মো. তৌহিদুল ইসলাম, অনুসন্ধানী প্রতিনিধি //
কুয়েতে মানবিক সংকটে পড়া এক বাংলাদেশি নারী গৃহকর্মীকে উদ্ধার করেছে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস। কুয়েত পুলিশের সহযোগিতায় উদ্ধার হওয়া ওই নারী বর্তমানে দূতাবাসের নিরাপদ তত্ত্বাবধানে রয়েছেন। তাঁকে দ্রুত ও নিরাপদে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় কার্যক্রম চলছে।
জানা গেছে, উদ্ধার হওয়া বাংলাদেশি নারীর নাম আমেনা খাতুন। গৃহকর্মী হিসেবে কুয়েতে যাওয়ার পর তিনি কর্মস্থলে নানা ধরনের মানবিক সংকটের মুখোমুখি হন। বিষয়টি দূতাবাসের নজরে এলে কুয়েত পুলিশের সহযোগিতায় গত ১ জুলাই তাঁকে দ্রুত উদ্ধার করা হয়।
কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ ও কুয়েত সরকারের মধ্যে নারী গৃহকর্মী পাঠানোর বিষয়ে এখনো কোনো দ্বিপাক্ষিক চুক্তি বা সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়নি। ফলে নারী গৃহকর্মীদের জন্য ‘খাদ্দামা’ ভিসা দূতাবাস থেকে সত্যায়ন করা হয় না।
দূতাবাস আরও জানায়, অবৈধ দালাল চক্রের মাধ্যমে নারী গৃহকর্মীদের কুয়েতে পাঠানোর প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। গত তিন মাসে এমন অবৈধ প্রক্রিয়ায় কুয়েতে আসা সাতজন বাংলাদেশি নারীকে উদ্ধার করে নিরাপদে দেশে ফেরত পাঠানো হয়েছে।
বাংলাদেশ দূতাবাস সকল বাংলাদেশি নারীকে বৈধ সরকারি প্রক্রিয়া অনুসরণ ছাড়া গৃহকর্মী হিসেবে কুয়েতে না আসার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে দালাল চক্রের প্রলোভন থেকে সতর্ক থাকার এবং এ ধরনের চক্র সম্পর্কে কোনো তথ্য থাকলে দ্রুত দূতাবাস বা সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।
এটিভি সংবাদ সবসময় দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য সংবাদ আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।