যশোরের চৌগাছা থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার (৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌগাছা থানার দশপাখিয়া পুলিশ ক্যাম্পে কর্মরত এসআই (নিঃ) মো. বায়েজীদ মোল্লার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার পাশাপোল গ্রামের আমজামতলা বাজারের ইমরান মার্টের উত্তর-পূর্ব পাশের একটি গলি থেকে মো. ইমরান হোসেন (৩০) ও মো. জুয়েল বিশ্বাস (৩৬)-কে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে ১ হাজার ৬০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত ইমরান হোসেনের পিতার নাম আকিমুল ইসলাম। তিনি চৌগাছা উপজেলার বানরহুদা গ্রামের বাসিন্দা। অপর গ্রেপ্তারকৃত জুয়েল বিশ্বাসের পিতার নাম রেজাউল বিশ্বাস (সাইপার)। তিনি একই উপজেলার বুড়িন্দিয়া গ্রামের বাসিন্দা।
চৌগাছা থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।