রাজশাহীর মোহনপুর উপজেলার ঘাষিগ্রাম ইউনিয়নের শ্যামপুর হাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন বালাইনাশক বিক্রি এবং মজুদ রাখার অপরাধে একটি কৃষি উপকরণের দোকানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে শ্যামপুর হাটে পরিচালিত এ অভিযানে ‘মেসার্স মহসিন কৃষি ঘর’ নামের কৃষি উপকরণের দোকানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। অভিযানে দেখা যায়, দোকানটিতে মেয়াদোত্তীর্ণ বালাইনাশক সংরক্ষণ করা হয়েছে। এছাড়া বালাইনাশকের প্যাকেটের লেবেল বিনষ্ট করে রাখা এবং অনুমোদনহীন বালাইনাশক বিক্রি ও মজুদ করার অভিযোগও প্রমাণিত হয়।
এসব অপরাধে ভ্রাম্যমাণ আদালত দোকান মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অভিযানে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।
এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মতিন, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন কৃষি উপকরণের দোকান পরিদর্শন করে বালাইনাশক ও অন্যান্য কৃষি উপকরণের বৈধতা, সংরক্ষণ পদ্ধতি এবং বিক্রির নিয়ম-কানুন যাচাই করেন।
উপজেলা প্রশাসন জানায়, কৃষকদের নিরাপদ, কার্যকর ও মানসম্মত কৃষি উপকরণ নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। কোনো ব্যবসায়ী আইন লঙ্ঘন করে মেয়াদোত্তীর্ণ, ভেজাল বা অনুমোদনহীন কৃষি উপকরণ বিক্রি বা মজুদ করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনের পক্ষ থেকে কৃষি উপকরণ ব্যবসায়ীদের সরকারি নীতিমালা মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কৃষকদেরও কৃষি উপকরণ কেনার আগে মেয়াদ, অনুমোদন এবং পণ্যের লেবেল ভালোভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।