মাগুরা জেলায় নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও ট্রাফিক আইন বাস্তবায়নের লক্ষ্যে বুধবার (৮ জুলাই) দুপুরে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পরিচালিত এই অভিযানে হেলমেটবিহীন মোটরসাইকেল চালক এবং লাইসেন্স ও রেজিস্ট্রেশনবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।
দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে শুরু হওয়া এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও এনডিসি মো. আমিনুল ইসলাম এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রিফাত আমিন। আইনশৃঙ্খলা রক্ষায় তাদের সাথে বিশেষ সহযোগিতায় ছিলেন আনসার ব্যাটালিয়নের সদস্যরা।
অভিযান চলাকালে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় বেশ কিছু যানবাহনের চালককে তাৎক্ষণিক জরিমানা করা হয়।
অভিযান সম্পর্কে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম সংবাদকর্মীদের উদ্দেশ্যে বলেন, “সড়কে শৃঙ্খলা ফেরানো এবং জননিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। হেলমেটবিহীন চলাচল বা লাইসেন্স ও রেজিস্ট্রেশনহীন গাড়ি কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। নিরাপদ সড়ক গড়ে তোলার এই ধারাবাহিক প্রচেষ্টা ও অভিযান নিয়মিত বলবৎ থাকবে।”
জেলা প্রশাসনের এমন উদ্যোগকে সাধারণ সচেতন নাগরিকরা স্বাগত জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যাশা, নিয়মিত এই তদারকির ফলে মাগুরা শহরের সড়কগুলোতে ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা বৃদ্ধি পাবে এবং দুর্ঘটনা অনেকাংশেই কমে আসবে।
মাগুরা জেলা প্রশাসন তৎসঙ্গে আনসার ব্যাটালিয়নের সদস্যদের জনসচেতনতামূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন, এটিভি সংবাদ ডটকম’র সম্পাদক এস এম জামান। তিনি বলেন, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশের প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। দেশজুড়ে এ অভিযান চলমান থাকলে আশা করা যায় সবকিছুই একটা সুন্দর ফ্রেমে চলে আসবে।