সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন এটিভি সংবাদ এর পাবনা জেলা বিশেষ প্রতিনিধি মনিরুল ইসলাম। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে পাবনা থেকে একটি সংবাদ সংগ্রহের কাজ শেষ করে সুজানগর হয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন তিনি।
পথিমধ্যে সুজানগর উপজেলার যশোমন্ত দুলিয়া এলাকায় পৌঁছালে সিএনজি চালক মাদকাসক্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে সিএনজি সড়ক থেকে ছিটকে পাশের একটি পুকুরে উল্টে পড়ে যায়।
দুর্ঘটনায় এটিভি সংবাদ এর বিশেষ প্রতিনিধি মনিরুল ইসলামসহ সিএনজিতে থাকা আরও ৫ জন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে পাশের একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে আহতদের নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
দুর্ঘটনায় সাংবাদিক মনিরুল ইসলামের সঙ্গে থাকা মোবাইল ফোন, বুম, মাইক্রোফোনসহ সংবাদ সংগ্রহের বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম পানিতে ভিজে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে উল্লেখযোগ্য আর্থিক ক্ষয়ক্ষতির পাশাপাশি পেশাগত কাজেও বিঘ্ন সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, চালক মাদকাসক্ত থাকায় অসাবধানতা ও বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তারা এ ঘটনায় দায়ী চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সড়কে মাদকাসক্ত চালকদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানান।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
উল্লেখিত বিষয়টি এটিভি সংবাদ ডটকমের সম্পাদক এস এম জামান শুনেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, দেশের প্রত্যেক অঞ্চলে সিএনজি চালকরা খুবই বেপরোয়া। এই বেপরোয়া চালকদের ওপর স্থানীয় প্রশাসনসহ ট্রাফিক বিভাগের নজরদারি জোরদার হওয়া খুবই প্রয়োজন অন্যথায় এ ধরনের দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটতেই থাকবে।