লালমনিরহাট প্রতিনিধি। এটিভি সংবাদ/
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ‘ফ্যামিলি কার্ডের’ তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন চাকরিপ্রার্থীরা।
একপর্যায়ে প্রার্থীরা পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেনকে তার কার্যালয়ে আধা ঘণ্টার মত অবরুদ্ধ করে রাখেন।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।
পাটগ্রাম থানার ওসি নাজমুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ইউএনওকে নিরাপত্তা দিয়েছে। এ কারণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নিয়োগ প্রত্যাশীদের দাবি, প্রকাশিত ফলাফল যোগ্যতা ও স্বচ্ছতা ভিত্তিতে হয়নি। নিয়োগের ক্ষেত্রে স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের আশ্রয় নেওয়া হয়েছে।
প্রকাশিত ফলাফল অবিলম্বে বাতিল করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পুনরায় যোগ্য প্রার্থী বাছাইয়ের দাবি জানান তারা।
এ বিষয়ে জানতে পাটগ্রামের ইউএনও তানভীর হোসেনের মোবাইলে ফোন করা হলে তিনি ধরেননি।
ঘটনার বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হায়াত প্রধান (বাবু) বলেন, “সরকারি একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে চরম অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়েছে। আমরা অবিলম্বে এই বিতর্কিত ফলাফল বাতিলের দাবি জানাচ্ছি।”
তিনি বলেন, “স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলা হয়েছে। প্রহসনের এই ফলাফল বাতিল করে পুনরায় স্বচ্ছ প্রক্রিয়ায় পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে বলে আন্দোলনকারীদের আশ্বস্ত করা হয়েছে।”