সত্যম চক্রবর্তী। দুর্গাপুর, নেত্রকোনা প্রতিনিধি//
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৪০ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) সকালে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেরচর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানার এসআই সাইদীর নেতৃত্বে এএসআই মোয়াজ্জেম ও কনস্টেবল সজিবের সমন্বয়ে গঠিত একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন দুই ব্যক্তির তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থলেই তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—দুর্গাপুর ইউনিয়নের বারমারী লক্ষীপুর গ্রামের হারুন-অর-রশীদের ছেলে রাফি (১৩) এবং একই গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী রাবেয়া খাতুন (৩৫)।
উদ্ধারকৃত মদ জব্দ করে থানায় আনা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কৃষ্ণেরচর বাজারে অভিযান চালিয়ে ৪০ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান রোধে পুলিশের এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।