গাজীপুরের কালীগঞ্জে মাদকের টাকা না পেয়ে জন্মদাতা বাবা-মায়ের ওপর নির্যাতন চালানোর অভিযোগে কাজী জুয়েল (৩৫) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) উপজেলার চুয়ারিয়াখোলা এলাকায় পরিচালিত এক মাদকবিরোধী অভিযানে তাকে আটক করার পর এই দণ্ড দেওয়া হয়। সাজাপ্ত কাজী জুয়েল ওই এলাকার বাসিন্দা।
স্থানীয় ও আদালত সূত্রে জানা যায়, কাজী জুয়েল দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত। মাদকের টাকার জন্য তিনি প্রায়শই বাবা-মায়ের সঙ্গে খারাপ আচরণ করতেন এবং শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালাতেন। ছেলের এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন স্বজনরা।
গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার চুয়ারিয়াখোলা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে জুয়েলকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ১২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা অনাদায়ে আইনানুগ ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার জানান, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই জিরো টলারেন্স নীতি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্ত আসামিকে সাজা পরোয়ানা দিয়ে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।