সত্যম চক্রবর্তী দিব্য। দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি//
নেত্রকোনার দুর্গাপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত হয়েছে। বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন দুর্গাপুর উপজেলা কমিটির আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)’-এর সহযোগিতায় এই কর্মসূচি পালিত হয়।
রোববার (৯ আগস্ট) দুপুরে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা আদিবাসী নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পৌরশহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কমরেড মনিসিংহ স্মৃতি জাদুঘর মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।
“আদিবাসীদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে”—এই প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আদিবাসী ইউনিয়ন উপজেলা কমিটির সভাপতি অবণী কান্ত হাজং। আদিবাসী নেত্রী চিনু রেমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমরেড ডা. দিবালোক সিংহ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সিপিবি জেলা কমিটির সম্পাদক আলকাছ উদ্দিন মীর, উপজেলা কমিটির সম্পাদক মোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বাংলাদেশ হাজং ছাত্রসংগঠনের সভাপতি অন্তর হাজং, আদিবাসী নেত্রী পার্বতী রিছিল, লিটন হাজং এবং দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের সহকারী পরিচালক শামছুল আলম খান প্রমুখ।
বক্তারা বলেন, বহু ভাষা ও সংস্কৃতির মানুষের সহাবস্থানে বাংলাদেশের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। অথচ দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আদিবাসী জনগোষ্ঠী তাদের কাঙ্ক্ষিত সাংবিধানিক স্বীকৃতি পায়নি। আদিবাসীদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ভূমি অধিকার রক্ষা করে তাদের জীবনমান উন্নয়নের জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসার জোরালো আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে আদিবাসী শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের ঐতিহ্যবাহী কৃষ্টি ও সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়।