উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে জাতীয় ‘দৈনিক নতুন আশা’ পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। একই সাথে ক্লাবের সার্বিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এক সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিবৃন্দ ও স্থানীয় সংবাদকর্মীদের সাথে নিয়ে কেক কেটে পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় বক্তারা দৈনিক নতুন আশা পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
কেক কাটা শেষে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি জনাব এস. কে. সিরাজ ও সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, “স্থানীয় পর্যায়ে সততা ও নিষ্ঠার সাথে সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের মৌলিক অধিকার ও দুর্ভোগের কথা তুলে ধরতে হবে।” পাশাপাশি রিপোর্টার্স ক্লাবের ঐক্য বজায় রেখে আগামী দিনে পেশাগত মানোন্নয়নে সুসংহতভাবে কাজ করার ওপর জোর দেওয়া হয়।
উক্ত সভায় রিপোর্টার্স ক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে পত্রিকার প্রতিষ্ঠাতা, পাঠক ও শুভানুধ্যায়ীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।