পাবনার সাঁথিয়া উপজেলার মিয়াপুর হাজী জসীমউদ্দীন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি, শিক্ষক ও শিক্ষিকাদের উপস্থিতিতে শিক্ষার্থীদের নিয়ম-শৃঙ্খলা ও লেখাপড়ার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়া হয়েছে।
রোববার (৩০ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ দিকনির্দেশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, সদস্য সচিব ও অধ্যক্ষ মুজিবুর রহমান, অভিভাবক সদস্য মনোয়ার পারভেজ মানিক, প্রধান শিক্ষক রেজাউল করিম টুকু এবং সহকারী শিক্ষক আবু সাঈদসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।
এ সময় এডহক কমিটির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “বিদ্যালয়ের সময় কেউ বাইরে ঘোরাফেরা করবে না। সবাই মনোযোগ দিয়ে নিয়মিত লেখাপড়া করবে। স্কুল চলাকালীন সময়ে কোনো শিক্ষার্থী মোবাইল ফোন নিয়ে বিদ্যালয়ে আসবে না। শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি নিজেদের পড়াশোনার প্রতি আরও বেশি মনোযোগী হতে হবে।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা ও মনোযোগের সঙ্গে লেখাপড়ার কোনো বিকল্প নেই। বিদ্যালয়ের পরিবেশ সুন্দর রাখতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।