গাইবান্ধায় স্বাস্থ্য অধিকার, পুষ্টি, কিশোর-কিশোরী ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা বিষয়ক এক হেলথ অ্যাডভোকেসি ক্যাম্পেইন ও ফ্রী স্বাস্থ্য সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) দুপুরে আরএইচস্টেপ- অপরাজেয় তারুন্যের উদ্যোগে শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, ফ্রী মেডিকেল স্ক্রিনিং ও স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মসূচির উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন আরএইচস্টেপ ইউওয়াইপি প্রকল্পের প্রজেক্ট অফিসার মোছাঃ আসফিয়া খাতুন। অনুষ্ঠানের উদ্দেশ্য ও প্রেক্ষাপট তুলে ধরে আলোচনা করেন ইয়ুথ অফিসার মোঃ তাজবিউল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গাইবান্ধার সিভিল সার্জন ডাঃ মোঃ রফিকুজ্জামান। তিনি স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার, সেবা গ্রহণের নানাবিধ বাধা এবং প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, মাসিকের সময় স্বাস্থ্যসুরক্ষা, প্রজনন ও যৌন স্বাস্থ্য এবং বৈষম্যহীন স্বাস্থ্যসেবা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন আরএইচস্ট্যাপ ক্লিনিকের কাউন্সেলর ও পরামর্শক মোছাঃ শাহজাদী সুলতানা। এছাড়াও সুষম খাদ্য, কম খরচে পুষ্টিকর খাবার এবং আয়রন ও অপুষ্টি প্রতিরোধ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন নিউট্রিশন ইন্টারন্যাশনাল ও সিভিল সার্জন কার্যালয়ের জেলা সমন্বয়কারী মোছাঃ রায়হানা ইসলাম।
অনুষ্ঠানে সাধারণ জনগণ ও অংশগ্রহণকারীদের জন্য ফ্রী ব্লাড গ্রুপ টেস্ট, ব্লাড সুগার পরীক্ষা, রক্তচাপ, ওজন, পরিমাপ, সার্বিক স্বাস্থ্য স্ক্রিনিং এবং ব্যক্তিগত স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করেন মেডিকেল অফিসার ডাঃ সাকিব ফেরদৌস।
গাইবান্ধা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ তারিকুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্যে, পরিবার পরিকল্পনা পদ্ধতি, প্রজনন স্বাস্থ্য এবং সরকারি বিভিন্ন সেবার ওপর বিশদ আলোচনা করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর সভাপতি মোছাঃ মৌ খাতুন এবং হরিজন সম্প্রদায়ের জেলা সভাপতি কীর্তন বাবু।
উন্মুক্ত প্রশ্নোত্তর ও অ্যাডভোকেসি আলোচনা পর্বে সাধারণ অংশগ্রহণকারীরা স্বাস্থ্যসেবা সম্পর্কিত বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং অতিথিরা সেগুলোর সমাধানমূলক উত্তর প্রদান করেন।
শেষে আরএইচস্টেপ-এর ইউনিট ম্যানেজার মোঃ এনামুল হকের সমাপনী বক্তব্য ও আয়োজক টিমের আপ্যায়ন ও সার্বিক সহযোগিতার মাধ্যমে কর্মসূচির সফল সমাপ্তি ঘটে।