উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিন দিনের সফরের দ্বিতীয় দিনে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
সোমবার সকালে তিনি তেঁতুলিয়া ডাকবাংলো, মহানন্দা নদীর তীর, বাংলাবান্ধা জিরো পয়েন্টসহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডিয়ান ডাও, মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা।
সীমান্ত এলাকার সবুজ প্রকৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি তাঁরা বিভিন্ন স্থানে ছবি তোলেন।
পরে মার্কিন রাষ্ট্রদূত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে তিনি সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের কাছে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবাবিষয়ক একটি প্রশিক্ষণ মডেল হস্তান্তর করেন।
এ সময় জানানো হয়, বাংলাদেশের মাতৃ, নবজাতক ও শিশুস্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ২৪ লাখ মার্কিন ডলারের চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা।
এই সহায়তার আওতায় নবজাতকের শরীর উষ্ণ রাখার নিউবর্ন ওয়ার্মার, শ্বাসপ্রশ্বাসে সহায়তাকারী সরঞ্জাম, গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা বজায় রাখতে প্রয়োজনীয় কোল্ড চেইন সরঞ্জাম রয়েছে।
যুক্তরাষ্ট্রের অর্থায়নে এফএইচআই ৩৬০, ঝিপাইগো, জেএসআই ও ইউনিসেফের মাধ্যমে এসব চিকিৎসা সরঞ্জাম দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে, বিশেষ করে দুর্গম ও প্রান্তিক এলাকাগুলোতে পৌঁছে দেওয়া হচ্ছে।
মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, বাস্তবভিত্তিক অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী করা এবং স্বাস্থ্যসেবায় যুক্তরাষ্ট্রের উদ্ভাবন এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এ সহায়তা দেওয়া হচ্ছে।
পরে মার্কিন রাষ্ট্রদূত পঞ্চগড় সার্কিট হাউজের হলরুমে স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, যুক্তরাষ্ট্রের এই সহযোগিতার ফলে দেশের প্রান্তিক ও দুর্গম এলাকার মানুষের মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ আরও সম্প্রসারিত হবে।