সরবরাহ কমে যাওয়া ও বন্যার অজুহাতে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৮ থেকে ১০ টাকা আর কাঁচা মরিচ কেজিতে ৪০ টাকা বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম বাড়ল। ক্রেতারা বলছেন, লাফিয়ে লাফিয়ে পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম ফের বাড়ছে। পেঁয়াজের আমদানি মোটামুটি স্বাভাবিক থাকলেও দাম বেড়ে যাওয়ায় অস্বস্তি প্রকাশ করেছেন পাইকারি ক্রেতারা। গত ৪ আগস্ট (শুক্রবার) পাইকারি বাজারে দেশীয় কাঁচা মরিচ ১০০ টাকা কেজি দরে বিক্রি হলেও আজ শুক্রবার সেই মরিচ কেজিতে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। আর আমদানীকৃত কাঁচা মরিচ পোর্টে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি দরে।
ব্যবসায়ীরা বলছেন, এক সপ্তাহ আগেও বাজারে সরবরাহ বৃদ্ধি থাকায় কাঁচা মরিচ পাইকারি বাজারে বিক্রি হয়েছিল ১০০ টাকা কেজি দরে। কয়েক দিন থেকে সরবরাহ কমে যাওয়ায় কেজিতে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। সাদেক হোসেন নামে একজন ক্রেতা বলেন, ‘গত শুক্রবার মরিচ ১০০ টাকা কেজি কিনেছি। আজ ১৬০ টাকা কেজিতে কিনলাম।’
হিলি কাস্টমস সূত্রে জানা গেছে, গত দুই মাসে এ বন্দর দিয়ে ৫৬ হাজার ৭৩৭ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।
এটিভি/এস