নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, আমার দৃষ্টিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারও রাজনৈতিক বক্তব্য পরিলক্ষিত হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ রাজনৈতিক বক্তব্য দেয়নি। কর্মসূচির নামে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে শেরে বাংলা নগর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কেউ আমার দৃষ্টিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারও রাজনৈতিক বক্তব্য পরিলক্ষিত হয়নি। আমি আইন ও বিধি অনুযায়ী দায়িত্ব পালন করি। আইন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষায় যে দায়িত্ব ও চ্যালেঞ্জ আসবে সেটি মোকাবিলা করতে হবে সেটা আমার আইনি দায়িত্ব। এই দায়িত্ব অর্পিত করা হয়েছে। এই দায়িত্ব পালনে আমি বাধ্য। আইন প্রয়োগ করতে আমাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, আইন পড়ানো হয়েছে এবং আইন প্রয়োগে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট দেয়া হয়। জনগণের জানমাল রক্ষায় যা করা দরকার সেটাই করা হবে।
তিনি বলেন, গত ১৯ আগস্ট বিএনপির পদযাত্রা কর্মসূচি চলাকালে হবিগঞ্জে জনগণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি হলে হবিগঞ্জ থানা পুলিশ বিনীতভাবে তাদেরকে অনুরোধ করে রাস্তা খুলে দিতে। কিন্তু সে অনুরোধ রাখা হয়নি, বরং দায়িত্বরত পুলিশ সদস্যদের উপরে ইট-পাটকেল ঢিল নিক্ষেপ করা হয়েছে। ওই সময় নিক্ষিপ্ত ঢিলে আঘাত পেয়েছে হবিগঞ্জ মডেল থানার ওসি অজয়। তিনি মারাত্মকভাবে বাম চোখে আঘাত পেয়েছেন। তার অবস্থা এখনও সংকটাপন্ন। তিনি চিকিৎসাধীন।
আইজিপি আরও বলেন, ওসি অজয়ের অবস্থা এখনও সংকটাপন্ন। তার চিকিৎসা নিশ্চিতে চিকিৎসকদের বোর্ড গঠন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে বাহিনীর কোনো সদস্য যদি আক্রান্ত হন, আহত হন তাদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করছি।
আগামী জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের প্রস্তুতির কথা তুলে ধরে তিনি বলেন, পুলিশ দেশের আইনপ্রয়োগকারী সংস্থা। আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশকে প্রয়োজনীয় প্রশিক্ষণ, লোকবল নিয়োগ, সক্ষমতা বৃদ্ধি এবং ইক্যুপমেন্ট যা দরকার সবই আছে। যেকোনো ধরণের পরিস্থিতি মোকাবিলায় আমাদের পুলিশ সদস্যরা প্রস্তুত।