নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, জামায়াতে ইসলামী ধর্মের নামে রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করছে। তারা ইসলাম রক্ষার কথা বলে একাত্তর সালে মা-বোনদের ওপর পাশবিক নির্যাতন চালিয়েছে, ঘর-বাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করেছে। এরা এখনো তাদের ধর্ম ব্যবসা করছে।
সোমবার (২ অক্টোবর) সকালে কুষ্টিয়ায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, তোমরা কার কথা প্রচার করছো? আমরা তো এমনিতেই মুসলমান। অন্য ধর্মের মানুষের কাছে প্রচার করে কনভিন্স করে কাউকে ধর্মে আনতে পেরেছে একটা নজিরও নেই। এরা মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করছে।
তিনি বলেন, মানুষের মধ্যে নৈতিক শিক্ষা না থাকলে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষার বাইরে মানুষের জ্ঞানার্জনের সুযোগ নেই। যার মধ্যে জ্ঞানের আলো নেই তার জীবন ব্যর্থ। সন্তানের প্রথম শিক্ষক তার মা-বাবা এবং প্রথম পাঠশালা হলো ঘর। তাদেরকে নৈতিক শিক্ষা দিতে হবে। অন্যায়, অসৎ কাজ থেকে বিরত থাকার শিক্ষা দিতে হবে। তাহলে বড় হয়ে অসৎ কাজ থেকে দূরে থাকবে। কিন্তু আপনি যদি সেইভাবে না বড় করেন তাহলে ভালো কিছু আশা করা যায় না।
মাহবুবউল আলম হানিফ বলেন, উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে পারলে ২০৩১ সালের মধ্যে মধ্যম আয় এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ হবে। আমরা যে যে রাজনীতি করি না কেন। কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি আবার কেউ জাতীয় পার্টি। ভোট দেয়ার সময় যার মাধ্যমে উন্নয়ন হবে তাকেই আপনারা বেছে নেবেন।