এটিভি সংবাদ ডেস্ক :
রাজধানীতে বিএনপি-পুলিশের সংঘর্ষে পুলিশ সদস্য নিহতের ঘটনায় মামলা হয়েছে। রোববার (২৯ অক্টোবর) সকালে পুলিশ বাদী ডিএমপি’র পল্টন থানায় মামলা দায়ের করে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ সদস্য হত্যার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলার আসামির বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
নিহত পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজ মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটারীর মো. সেকান্দার আলী মোল্লার ছেলে। তিনি ডিএমপির কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। ২০১১ সালের ১৩ আগস্ট তিনি চাকরিতে যোগদান করেছিলেন।
এর আগে, সরকার পতনের এক দফা দাবিতে শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় সমাবেশ শুরু করে বিএনপির। রাজধানীর কাকরাইল মোড়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। আন্দোলনকারীরা বেশ কয়েকটি গাড়ি ও পুলিশ বক্সে আগুন দেয়। সংঘর্ষটি বিএনপির সমাবেশের কাছে চলে আসে এবং এক পর্যায়ে সমাবেশের কাছে ফের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে একজন পুলিশ সদস্য ও এক রাজনৈতিক কর্মী নিহত হন। এ ঘটনায় ৪১ জন পুলিশ সদস্য ও ২৮ জন সাংবাদিকসহ আরও অনেকে আহত হয়েছেন।