নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ
তিন দিনের অবরোধ কাটতে না কাটতে ফের দুইদিন ব্যাপি (৫ ও ৬ নভেম্বর) সারাদেশে অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভি বলেছেন, রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে। বিএনপির সাথে আন্দোলনে থাকা অন্য দলগুলোও এ কর্মসূচি পালন করবে। এছাড়া ২৮ অক্টোবর থেকে চলমান আন্দোলনে নিহত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনায় বিএনপি’র পক্ষ থেকে শুক্রবার দেশজুড়ে মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত করা হবে।
রিজভি বলেন, ২৮ অক্টোবর একটি শান্তিপূর্ণ সমাবেশে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। সাধারণ মানুষের গণজোয়ার ক্ষমতাসীনরা সহ্য করতে পারেনি। তাই একটি মহাপরিকল্পনার অংশ হিসেবে সেই দিনের শান্তিপূর্ণ সমাবেশটি পণ্ড করে দেওয়া হয়।
উল্লেখ্য, বিএনপির ডাকা ৩ দিনের কর্মসূচি দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি শেষ আজ বৃহস্পতিবার।