নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের ৬ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজ নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় শুক্রবার (৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবী এ আদেশ দেন।
রিমান্ড মঞ্জুরের দিন তাদের (আসামি) আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুুলিশ। আসামিদের পক্ষে তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত খসরু ও স্বপনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, বৃহস্পতিবার (২ নভেম্বর) দিনগত রাত পৌনে ১টার দিকে গুলশানের বাসা থেকে আমীর খসরুকে এবং একই দিন বিকেলে গুলশান থেকে জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, ২৮ অক্টোবর বিএনপির সমাবেশের দিন ভয়াবহ সংঘর্ষে একজন পুলিশ সদস্য ও এক রাজনৈতিক কর্মী নিহত হয়েছেন। এ ছাড়া ৪১ জন পুলিশ সদস্য ও ২৮ জন সাংবাদিকসহ আরও অনেকে আহত হয়েছেন।