যশোর, এটিভি সংবাদ
যশোরের অভয়নগর উপজেলায় সন্ত্রাসীদের ‘বোমা হামলায়’ জিয়াউর রহমান ফকির (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন । শুক্রবার (৪ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার রানাগাতী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জিয়া ফকির ওই গ্রামের দক্ষিণপাড়ার মৃত ওহাব ফকিরের ছেলে।
পুলিশের ধারণা, নিহত জিয়া নিষিদ্ধ সংগঠন চরমপন্থী দলের সদস্য ছিলেন। তার নামে অভয়নগর থানাতে হত্যাসহ ৪টি মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা আরও জানায়, জিয়া ফকির রানাগাতী গ্রামের উত্তরপাড়া মসজিদ মাদরাসা বটতলায় একটি চায়ের দোকানে বসেছিলেন। রাত ১০টার দিকে কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে ‘বোমা হামলা’ চালায়। একটি ‘বোমা’ তার শরীরে এসে বিস্ফোরিত হলে ঘটনাস্থলে তিনি মারা যান।
স্থানীয়রা আরও জানায়, নিহত জিয়া ফকিরের নামে এলাকায় একটি বাহিনী সক্রিয় ছিল। সেটি জিয়া বাহিনী নামে পরিচিত। ওই বাহিনিপ্রধান জিয়া দীর্ঘদিন ঢাকায় পালিয়ে ছিলেন।
অভয়নগর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ জানান, দুর্বৃত্তদের ছুঁড়ে মারা ককটেলটি তার পেটে ব্লাস্ট হয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত জিয়া চরমপন্থী দলের সদস্য ছিলেন। তার নামে কমপক্ষে চারটি মামলা রয়েছে। তবে কারা তাকে খুনের ঘটনায় জড়িত তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।