নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, খুব দ্রুতই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে। আমরা আশা করি সবার সহযোগিতায় সাংবিধানিক বাধ্যবাধকতার আলোকে যথাসময়ে নির্বাচন সম্পন্ন করতে সমর্থ হবো।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আলোচনা শেষে অপেক্ষমান সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি আরও বলেন, আগামী নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতির বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেছি। নির্বাচন আসন্ন এবং শেষ যে সময়টা উনিও জানলেন। আমাদের প্রস্তুতিতে রাষ্ট্রপতি সন্তুষ্ট হয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কমিশনকে তিনি সব ধরনের সহযোগিতা করবেন। দ্রুত আমরা তফসিল ঘোষণা করব। কারণ সময় হয়ে গেছে।
সিইসি আরও জানান, রাষ্ট্রপতি বলেছেন যেকোনো মূল্যে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে হবে।