নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, কোনো দলের জন্য নির্বাচন থেমে থাকবে না। কাল-পরশুর মধ্যে তফসিল ঘোষণা হবে। নির্বাচন বাধাগ্রস্ত করতে বিএনপি ও তার সমমনা দলগুলো তৎপরতা চালাচ্ছে। এতে কোনো লাভ হবে না। নির্বাচন যথাসময়েই হবে। যারা অবৈধভাবে বাধা দেবে তাদের কঠোর হাতে দমন করা হবে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ায় এক আলোচনাসভায় তিনি একথা বলেন।
দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্বোধন করেন।
তখন কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি। পরে সেখানে এক আলোচনা সভা হয়।
তিনি আরও হানিফ বলেন, মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্বোধনের মধ্যদিয়ে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। সারা দেশে এরকম উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগন আবারও শেখ হাসিনার পক্ষেই রায় দেবে।
এ সময় কুষ্টিয়ার দৌলতপুর আসনের এমপি আ ক ম সারোয়ার জাহান বাদশা, কুমারখালী-খোকসা আসনের এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ ও কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মাহবুবুর রহমান খান বক্তব্য রাখেন।