নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ
দশ বছর আগে রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা নাশকতার মামলায় যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা সাইফুল আলম নীরবসহ দলটির সাত নেতাকর্মীকে ২ বছর ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। সাথে প্রত্যেককে দুই হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও সাত মাস কারাভোগের আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা- সাজেদুল ইসলাম সুমন, গান্ডু শাহিন, বেল্লাল হোসেন, জাকির হোসেন, আনোয়ারুজ্জামান আনোয়ার ও আবু বক্কর সিদ্দিক।
বিষয়টি নিশ্চিত করেছেন, আসামিপক্ষের আইনজীবী শেখ শাকিল আহমেদ রিপন।
সোমবার (২০ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ সাদী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে কারাগার থেকে নীরবকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। অপর ছয় আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজাপরোয়ানাহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের মে মাসে বিএনপির হরতাল অবরোধ চলাকালে রাজধানীর তেজগাঁও থানা এলাকায় নাশকতার অভিযোগে তেজগাঁও থানায় এ মামলা করে পুলিশ। মামলার পর আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। এরপর আদালত আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪৩৫ ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।