কক্সবাজার, এটিভি সংবাদ
কক্সবাজারের ঈদগাঁওর ইসলামপুরে চলন্ত ট্রেনে কাটা পড়ে আব্দুস সাত্তার (৩৯) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (১০ জানুয়ারি) উপজেলার ইসলামপুর ইউনিয়নের মধ্যম নাপিতখালী ছৈয়দ নুর মৌলভীর বাড়িসংলগ্ন তেতুলতলী নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজন সৈয়দ আনছার জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় আব্দুস সাত্তার ট্রেনে কাটা পড়ে মারা গেছে। মঙ্গলবার রাতে ঘটনাস্থলসংলগ্ন তার ধান ক্ষেতে পানি সেচ দিতে ঘর থেকে বের হয়েছিল আব্দুস সাত্তার।
স্থানীয়দের ধারণা, রাতভর পানি সেচ দিয়ে ভোররাতে ক্লান্ত হয়ে হয়তো অসতর্কতাবশত পাশের রেললাইনের উপর ঘুমিয়ে পড়েন। রাতে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেন পৌঁছার পূর্বে এক বগির রিহার্সাল ট্রেনে কাটা পড়ে সাত্তারের মৃত্যু হয়।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, রেলওয়ে পুলিশ বিষয়টি দেখভাল করছে। থানা পুলিশকে এখনও কিছু অবগত করেনি। পরিবারের পক্ষ থেকে মামলা বা অভিযোগ করলে তদন্ত করে দেখা হবে।