নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে অন্তত আওয়ামী লীগকে নির্বাচন শেখাতে হবে না। দেশে ভালো নির্বাচন করেছেন শেখ হাসিনা। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করেছে। গণতন্ত্রের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন শেখ হাসিনা।
বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের যৌথ সভায় তিনি এ আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, নতুন ট্রেনের জন্য বিএনপিকে এখন অপেক্ষা করতে হবে। আগামী ৫ বছর পর্যন্ত ধৈর্য ধরতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচন পাতানো ছিলো না। নির্বাচনে অনেক দেশ পর্যবেক্ষক পাঠিয়েছে। নামিদামী দেশ পর্যবেক্ষণ করেছে। এমনকি নির্বাচনের পর বিভিন্ন দেশ অভিনন্দন জানিয়েছে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসও অভিনন্দন জানিয়েছেন সরকারকে।
বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এখন অপেক্ষায় কখন আসবে ভিসানীতি, অপেক্ষা করুন কেয়ামত পর্যন্ত। সারা দুনিয়ার পর্যবেক্ষক, সাংবাদিক, নামিদামি মিডিয়া অনেকে উপস্থিত ছিল। কিন্তু নির্বাচনের বিরুদ্ধে বলার মতো কিছুই ছিল না। সুন্দর নির্বাচনের প্রশংসা সারা দুনিয়ায় শুনতে পাচ্ছি। কেবল একটি মহল নানা কথা বলছে।
তিনি বলেন, বিএনপি নির্বাচন বয়কট করায় নতুন রণকৌশল নিতে হয়েছে। স্বতন্ত্র সংসদ সদস্য বড় অংশ। জনগণের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে রণকৌশল নিতে হয়েছে। যার সোনালি ফসল ঘরে তুলেছি। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে।