আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের কাজাংয়ে কমিউটার ট্রেনের ধাক্কায় তিন বাংলাদেশি মারা গেছে। স্থানীয় সময় রোববার (৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের সহকারী পরিচালক আহমেদ মুখলিস মুখতার বলেন, জরুরি ফোন পেয়ে কাজাং ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের সদস্যদের একটি দল কাজাংয়ের তামান পুনকাক উতামা জেড হিল কেটিএম স্টেশনে ঘটনাস্থলে ছুটে যায়। নিহত বাংলাদেশিরা রেলওয়ে ট্র্যাক দিয়ে অনুপ্রবেশ করেছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
নিহতদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তারা সবাই ঘটনাস্থলেই মারা যান। নিহত তিনজন বাংলাদেশি হলেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। রাত সোয়া ১২টার দিকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয় এবং পরবর্তী পদক্ষেপের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।