নিউজ ডেস্ক, এটিভি সংবাদ
পুলিশ জানিয়েছে, পূজা উদযাপন পরিষদের এক কর্মকর্তার আমন্ত্রণে চট্টগ্রাম কালচারাল একাডেমির শিল্পীরা জেএমসেন হলের পূজামণ্ডপে গান পরিবেশন করেছেন। শুক্রবার (১১ অক্টোবর) দুপুর ১২টায় দামপাড়া পুলিশ লাইনসের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়। ঘটনায় শহীদুল করিম খান ও নুরুল ইসলাম নামে দু’জনকে আটক করা হয়েছে, তারা উভয়েই মাদরাসার শিক্ষক।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. রইছ উদ্দিন বলেন, “জেএমসেন হলের মণ্ডপে পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক সজল দত্তের আমন্ত্রণে ছয়জন শিল্পী গান গেয়েছিলেন। ওই গানের কিছু কথা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মানুভূতিতে আঘাত করেছে। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে দু’জনকে আটক করা হয়েছে, এবং বাকিদেরও আটক করার প্রক্রিয়া চলছে।”
তিনি বলেন, “মামলার প্রক্রিয়া চলছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের আমন্ত্রণ জানানো ব্যক্তিকেও জিজ্ঞাসাবাদ করা হবে।”
রইছ উদ্দিন আরও জানান, “দুর্গাপূজার অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনের পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তা আমরা খতিয়ে দেখছি।” আটককৃতদের রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটি তদন্তের অংশ।”
উপ-কমিশনার জানান, “দুর্গাপূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওই সময় শিল্পীরা একটি ইসলামিক গজল এবং একটি বাউল গান পরিবেশন করেন। তবে একটি গানের ভাষায় সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে।”
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।