মো. মামুন হোসেন, পিরোজপুর প্রতিনিধি //
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখা। মঙ্গলবার (জুলাই ১) বিকাল ৪টায় জেলা জামায়াতের নিজস্ব কার্যালয়ে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাকসহ উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের প্রত্যক্ষ নির্দেশে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী সহ তাদের নিজস্ব পেটুয়া বাহিনীর মাধ্যমে যেভাবে নির্বিচারে গুলি ও হামলা চালিয়ে মানুষ হত্যা করা হয়েছে, তা রাষ্ট্রীয় জুলুমের একটি ভয়াবহ দৃষ্টান্ত বলে উল্লেখ করেন। তারা বলেন, এসব ঘটনায় বহু মানুষ নিহত ও আহত হন, অনেকে স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেছেন। এদের অনেকে এখনো চিকিৎসার অভাবে চরম কষ্টে দিন পার করছেন, অনেকেই এখনো হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
বক্তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এটিভি/মামুন/কেএইচ