প্রহসনের লিগ থেকে বিশ্বকাপের আগে মেসিকে ছুটি নেওয়ার পরামর্শ
আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ
/ ৮৪
Time View
Update :
সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৯:১১ অপরাহ্ন
Share
প্রহসনের লিগ থেকে বিশ্বকাপের আগে মেসিকে ছুটি নেওয়ার পরামর্শ
আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ //লিওনেল মেসি ২০২৬ বিশ্বকাপে খেলার বিষয়টা সময়ের ওপর ছেড়ে দিয়েছেন। অর্থাৎ জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হতে যাওয়া বিশ্বকাপে আর্জেন্টিনা অধিনায়ক খেলবেন কি না, তা কয়েক মাস আগে জানা যাবে।সেটা জানতে অপেক্ষা করতে হলেও আর্জেন্টিনার জাতীয় দলের ফিটনেস কোচ ফার্নান্দো সিগনোরিনিও জানিয়েছেন, বিশ্বকাপে অংশ নেওয়ার আগে তাকে ফিটনেস নিয়ে কাজ করতে হবে। এ জন্য তিন মাস আগেই ইন্টার মায়ামি থেকে ছুটি নিতে হবে।
বিশ্বকাপকে অগ্রাধিকার দেওয়া উচিত মনে করে সিগনোরিনিও। বিষয়টি বোঝাতে গিয়ে ডিয়েগো ম্যারাডোনার প্রসঙ্গ টেনেছেন তিনি। সুপার দেপোর্তিভো রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ফিটনেস কোচ বলেছেন, “লিওর উচিত বিশ্বকাপকে অগ্রাধিকার দেওয়া। আবেগ নিয়ন্ত্রণ করা, শক্তি সঞ্চয় করা, এবং প্রাণবন্ত হয়ে বিশ্বমঞ্চে খেলা।
বিশ্বাস করি ডিয়েগো থাকলে মেসিকে বলতেন ‘বিশ্বকাপকে তোমার অগ্রাধিকার বানাও’।’’এমএলএস থেকে কেন ছুটি নিতে বলছেন তার কারণও ব্যাখ্যা করেছেন সিগনোরিনিও। মায়ামির হয়ে সে যে ফুটবল খেলছে সেটা প্রহসন বলে মনে করেন তিনি। প্রয়াত ম্যারাডোনার সাবেক ট্রেইনার বলেছেন, ‘সে এখন যা করছে, সেটা ফুটবল না।
এটা ফুটবলের প্রহসন। ইন্টার মায়ামির স্টেডিয়ামে গিয়ে আসল ফুটবল দেখিনি।’৪৮ দলের বিশ্বকাপ এবারই প্রথমবার হবে। দলের হিসেবে সবচেয়ে বড় বিশ্বকাপে ফিট থেকে তাকে মাঠে নামতে হবে বলে মনে করেন সিগনোরিনিও। এ জন্য তিন মাস ছুটি নেওয়ার পরামর্শ তার।
তিনি বলেছেন, ‘বিশ্বকাপের তিন মাস আগে তার ছুটি নেওয়া উচিত। সবকিছু থেকে দূরে থাকা উচিত। শরীর ও মনের ক্লান্তি ঝেড়ে ফেলতে হবে। খেলা থেকে দূরে থাকার কারণে যে ক্ষুধা তৈরি হবে সেটা নিয়ে তার মাঠে নামা উচিত।’এটিভি সংবাদ//এসএম