পিরোজপুরের ইন্দুরকানীতে নিষিদ্ধ শাপলাপাতা মাছ বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা ও লক্ষাধিক টাকার মাছ জব্দ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার ইন্দুরকানী বাজার ও পত্তাশী বাজারে বন্য প্রাণী সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে ইন্দুরকানী বাজারে তিনজন মাছ ব্যবসায়ীকে বিলুপ্তপ্রায় ও নিষিদ্ধ শাপলাপাতা (পাতা হাঙর) মাছ বিক্রয় করতে দেখা যায়। পরে বন্য প্রাণী সংরক্ষণ আইন-২০১২-এর ৩৪ ধারায় প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং বিক্রির উদ্দেশ্যে রাখা মাছ জব্দ করা হয়।
এদিকে, প্রাপ্ত সংবাদের ভিত্তিতে পত্তাশী বাজারে নিষিদ্ধ শাপলাপাতা মাছ বিক্রির অভিযোগে পৃথক আরেকটি অভিযান পরিচালনা করা হয়। তবে ভ্রাম্যমাণ আদালত সেখানে পৌঁছানোর আগেই মাছগুলো সরিয়ে নেওয়া হয়।
এটিভি/এসএম/ভ্রাম্যমাণ আদালত