অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ //
রাজধানীর দক্ষিণখান থানাধীন মধ্য আজমপুর এলাকায় আইয়ুব মার্কেট সংলগ্ন নিপু সরকারের বাড়ির সামনে টানা গত দুই দিন ধরে ধারালো অস্ত্র নিয়ে সন্ত্রাসীদের অবস্থানের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট একদল সন্ত্রাসী প্রকাশ্যে দেশীয় অস্ত্র প্রদর্শন করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে।
এলাকাবাসী জানান, গত দু’দিন ধরে ওই স্থানে সন্দেহজনকভাবে একাধিক ব্যক্তি জড়ো হয়ে ধারালো অস্ত্র হাতে ঘোরাফেরা করছে। এতে করে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পথচারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিশেষ করে সন্ধ্যার পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে বলে জানান স্থানীয়রা।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক বাসিন্দা বলেন, দু’দিন ধরে ওরা প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে। কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
আরেক ব্যবসায়ী বলেন, ভয়ে দোকান আগেভাগেই বন্ধ করে দিচ্ছি। পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় আছি।
এ বিষয়ে এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও এলাকায় অতিরিক্ত পুলিশি টহলের দাবি জানান।
এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বড় ধরনের সংঘর্ষ বা অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।