ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ কলেজে স্নাতক সম্মান (ডিগ্রি) পরীক্ষা চলাকালে দেশীয় অস্ত্র (রামদা) হাতে যুবকের মহড়ার অভিযোগে আল-সাদ (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (২০ ডিসেম্বর) রাতে র্যাব-১০ সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়। খুলনা মহানগরের সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।”
আজ রবিবার (২১ ডিসেম্বর) আসামি আল-সাদকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানার ওসি মো. আবুল হাসনাত খান।”
ওইদিনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত ৯ ডিসেম্বর দুপুর ১২টা ৫১ মিনিটের দিকে আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের প্রধান ফটকে একটি মোটরসাইকেলে দুই যুবক অবস্থান নেন। মোটরসাইকেলের পেছন থেকে নেমে আল সাদ হাতের রামদা উঁচিয়ে মহড়া দিতে দিতে কলেজের মূল ভবনে ঢুকে পড়েন।”
আলফাডাঙ্গা থানার ওসি মো. আবুল হাসানাত জানান, প্রকাশ্যে দেশি অস্ত্রের প্রদর্শন করে ভয়ভীতি দেখানো ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করায় সন্ত্রাস দমন আইনে থানায় মামলা হয়। মামলার পর আসামিকে গ্রেপ্তারে র্যাব-১০-এ একটি অধিযাচন পত্র দেওয়ার পর শনিবার রাতে আসামিকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করা হয়েছে। আজ রবিবার আসামি আল-সাদকে ফরিদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
এটিভি সংবাদ//