শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন নির্ধারিত সময়ে আয়োজন না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ সোমবার সকাল সাড়ে ১১টায় রাজধানীতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেয় সংগঠনটি। ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আগামী ২০ জানুয়ারি শাবিপ্রবিতে প্রায় ৯ হাজার শিক্ষার্থীর প্রাণের দাবি শাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তিনি সাম্প্রতিক সময়ে দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, নির্বাচিত প্রতিনিধিদের কারণে আবাসন, পরিবহন, নিরাপত্তা, ডাইনিংয়ের খাবারের মান, পরিচ্ছন্নতা এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতের বিষয়টি দৃশ্যমান অগ্রগতি লাভ করেছে।
তিনি আরো বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী সব পক্ষ প্রস্তুতি সম্পন্ন করেছে এবং ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, এইচআরএম সম্পাদক সাইদুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক আনিসুর রহমানসহ সংগঠনের অন্য নেতারা।