নজরুল ইসলাম (লামা, বান্দরবান) প্রতিনিধি //
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির মান্যবর সদস্য ও ২৯৪ নং আসনের বিএনপি মনোনীত প্রার্থী, কক্সবাজার–১ (চকরিয়া-পেকুয়া) আসনের জননেতা সালাউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন জীনামেজু টেকনিক্যাল ইন্সটিটিউট ও জীনামেজু অনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা উঃ নন্দমালা থের।
চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নে অনুষ্ঠিতব্য নির্বাচনী সমাবেশে অংশগ্রহণের পথে সালাউদ্দিন আহমেদ লামা উপজেলার জীনামেজু এলাকায় অবস্থিত জীনামেজু টেকনিক্যাল ইন্সটিটিউট ও জীনামেজু অনাথ আশ্রম পরিদর্শন করেন। এসময় তিনি প্রতিষ্ঠানের শিক্ষামূলক ও মানবিক কার্যক্রম ঘুরে দেখেন।
প্রতিষ্ঠাতা উঃ নন্দমালা থের কারিগরি শিক্ষা, এতিম শিশুদের কল্যাণ এবং সমাজসেবামূলক বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সালাউদ্দিন আহমেদকে অবহিত করেন। এসময় উভয়ের মধ্যে শিক্ষা বিস্তার ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
বিএনপির এই শীর্ষ নেতা জীনামেজু টেকনিক্যাল ইন্সটিটিউট ও অনাথ আশ্রমের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।