চট্টগ্রামের ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াট (এসি) ক্ষমতাসম্পন্ন গ্রিড-সংযুক্ত সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)-এর সঙ্গে একটি বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষর করেছে বারাকা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান কর্ণফুলী পাওয়ার লিমিটেড ও সিঙ্গাপুরভিত্তিক ইনফ্রাকো এশিয়া (Singapore)।
সোমবার (২৬ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিদ্যুৎ ভবনে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষর হয়। কর্ণফলী ইনফ্রাকোর পক্ষে স্বাক্ষর করেন বারাকা গ্রুপের পরিচালক ফাহিম আহমদ চৌধুরী এবং বিপিডিবির পক্ষে স্বাক্ষর করেন বিপিডিবির সচিব রাশেদুল হক প্রধান।
চুক্তি অনুযায়ী, ওই সৌর বিদ্যুৎ প্রকল্পটি আগামী ২০ বছর ধরে জাতীয় গ্রিডে ৪৫ মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহ করবে, যা বাংলাদেশের সবুজ জ্বালানিতে রূপান্তর এবং দীর্ঘমেয়াদি বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
ফটিকছড়ি প্রকল্পের পাশাপাশি, বিপিডিবি অন্য কম্পানিগুলোর সঙ্গে আরো ৬টি সৌর বিদ্যুৎ প্রকল্পের চুক্তি স্বাক্ষর করেছে। এর মধ্যে রয়েছে— নোয়াখালীতে ১০ মেগাওয়াট, হাটহাজারীতে ১৮ মেগাওয়াট, নীলফামারীতে ৫০ মেগাওয়াট, কক্সবাজারে ১০০ মেগাওয়াট, মোংলায় ১০০ মেগাওয়াট এবং ফটিকছড়িতে ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর বিদ্যুৎ প্রকল্প।